ফাতেহ ডেস্ক :
‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ঠে নিহত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আবরার নিহতের ঘটনায় ১লা ডিসেম্বরের মধ্যে মোহাম্মদপুর থানাকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে প্রথম আলোর সম্পাদক ও অনুষ্ঠান আয়োজনকারী কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করার আবেদন জানান আবরারের বাবা। ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত হাকিম মো. আমিনুল হকের আদালতে মামলার আর্জি পেশ করেন আবরারের বাবা মো. মজিবুর রহমান।
উল্লেখ্য, গত শুক্রবার ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে সময় নিকটবর্তী হাসপাতালে না নিয়ে আবরারকে নেয়া হয় ৫ কিলোমিটার দূরে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
এই নিহতের ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করছে পরিবার ও শিক্ষার্থীরা। বুধবার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অবস্থান নেয় এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরাও। এই মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করছেন আবরারের পরিবার ও এলাকাবাসী।
