ফাতেহ ডেস্ক :
শিগগির পেঁয়াজের দাম কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার রংপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই।’
মন্ত্রী এসময় আরো বলেন, ‘এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে এলে দাম কমবে। তার আগে হয়তো সম্ভব হবে না।’
শুক্রবার রংপুরে ইটভাটা মালিকদের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মিসর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা এলেও দাম একটু কমতে পারে বলে মনে হয়।’
মন্ত্রী আরো বলেন, ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করলেও দাম কমার সুযোগ নেই। ভারতে এখন পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।
এসময় পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
