ফাতেহ ডেস্ক :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী বলেছেন, ভারতের সুপ্রিম কোর্ট মসজিদ সংক্রান্ত যে রায় প্রদান করেছে, সেটা ক্ষমতাসীন বিজেপি সরকার ও সরকারী দলের মুখপাত্রের ভূমিকা পালনেরই অংশ বিশেষ। কারণ, এমন পক্ষপাতদুষ্ট রায় কোনো বিচারিক আদালতের রায় হতে পারে না।
বাবরি মসজিদ মামলার রায়ের পর শনিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, ভারতের সুপ্রিম কোর্ট ন্যায্য রায় না দিয়ে মসজিদের জায়গা মন্দিরের জন্য দিয়ে ধর্মনিরপেক্ষতার চরিত্রকে ধ্বংস করে উগ্র সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়া হয়েছে। এই রায়ে স্পষ্ট হয়েছে যে, ভারতের সুপ্রিম কোর্ট যেন বিজেপির মুখপাত্রের ভূমিকায় নেমেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ রায় প্রত্যাহার করে মসজিদ যথাস্থানে বহাল রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
হিন্দুদের রাম মন্দির নির্মাণের জন্য সরকার অন্য কোথাও জমি দিতে পারত বলেও অভিমত প্রকাশ করেন আল্লামা আব্দুর রব ইউসুফী।
