আন্তর্জাতিক ডেস্ক :
মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশিত ৫ একর জমির প্লট বাবরি মসজিদ কমপ্লেক্সের দৃষ্টিসীমার মধ্যে পাওয়া যাবে না। শহরের সরকারি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, অযোধ্যা ঘন বসতিপূর্ণ একটি শহর। সেখানে এত বিশাল আকারের এক খন্ড খালি জমি পাওয়া কঠিন। ফলে তাদেরকে যে জমি বরাদ্দ দেয়া হবে তা ওই বাবরি মসজিদের স্থান থেকে দৃষ্টিসীমার মধ্যে না-ও হতে পারে। খবর অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
অযোধ্যা শহর হলো বর্তমানে নব সৃষ্ট জেলার প্রধান কার্যালয়। এখানে রয়েছে বিপুল সংখ্যক মানুষের বাস। তার ওপর মন্দির ক্যাম্প নামে পরিচিত বডি অব্যাহতভাবে বলে আসছে যে, ধ্বংস করে দেয়া বাবরি মসজিদ শাস্ত্রীয় পরিধির বাইরে অথবা ‘কথিত’ রাম জন্মভূমির ১১৫ কিলোমিটারের মধ্যে হতে পারবে না।
একটি সূত্র বলেছেন, আদালত উল্লেখ করেছে যে, অযোধ্যায় একটি অভিজাত বা ভাল এলাকায় মুসলিমদের জন্য জমি বরাদ্দ দিতে। তবে আদালত সুনির্দিষ্ট কোনো স্থানের নাম উল্লেখ করে নি। ফলে অযোধ্যা-ফয়জাবাদ রোডের পাশে কোনো স্থানে এই জমি বরাদ্দ করার সম্ভাবনা আছে। এমনটাও বলাবলি হচ্ছে যে, ওই মসজিদটি নির্মাণ করা হতে পারে শাহজানওয়া গ্রামে। এই গ্রামেই রয়েছে সম্রাট বাবরের কমান্ডার মীর বাকি’র সমাধি।
আদালত আরও বলেছেন, সুন্নি ওয়াকফ বোর্ডের সহযোগিতায় বিকল্প স্থানেও জমি দেখা যেতে পারে।
