আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার অপহৃত দুই অধ্যাপককে ফেরত দেওয়ার শর্তে তিন তালেবান কমান্ডারকে মুক্তি দিচ্ছে আফগান সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ তথ্য জানিয়েছেন। খবর তোলো নিউজ।
মুক্তি পেতে যাওয়া এই তিন কমান্ডার হলেন- আনাস হাক্কানি, হাজি মালি খান ও হাফিজ রশিদ।
বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট বলেন, ‘তালেবানের সঙ্গে মুখোমুখি বৈঠকের’ বিষয়টি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের একান্ত সহযোগিতায় এ সমঝোতা হয়েছে।
আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের (এইউএএফ) অধ্যাপক মার্কিন নাগরিক কেভিন কিং (৬৩) এবং অস্ট্রেলিয়ান নাগরিক টিমোথি উইকসকে (৫০) ২০১৬ সালের আগস্টে তালেবানের সদস্যরা অপহরণ করে।
আশরাফ ঘানি বলেন, এটা ছিল ‘কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’। আফগান ইউনিভার্সিটির জিম্মি ওই দুই অধ্যাপকের শারীরিক দুরবস্থা এ সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। তালেবানের সঙ্গে পরোক্ষ আলোচনায় আমরা তাদের ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছি।
