আন্তর্জাতিক ডেস্ক :
দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও ৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে তারা নিহত হন। ইসরাইলি বাহিনীর হামলায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। খবর আল-জাজিরা।
গাজার সরকারী গণমাধ্যম অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে এই পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় প্রায় ৩০টি বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজা উপত্যকায় ইসলামি জিহাদি আন্দোলনের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে।
আক্রমণের দ্বিতীয় দিনে ইসরাইলি বাহিনী অভিযান আরও তীব্র করেছে। আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছে, ইসরাইলি বাহিনী তাদের বিভিন্ন ইউনিট থেকে কয়েকশ রিজার্ভ সেনাকে ডেকে এনেছে উপত্যকায়।
ফিলিস্তিনের প্রতিরোধকারী দলগুলোর যৌথ অপারেশন কমান্ডার রুম থেকে জানানো হয়েছে, ইসরাইলি বাহিনী রেড এলার্ট উপেক্ষা করেছে। এখন আমরা তার জবাব দিব।
ইসরাইলি হামলার প্রতিবাদে গর্জে উঠেছে গাজার প্রতিরোধ সংগ্রামের রকেটগুলো। সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, তারা গতকাল থেকে এই পর্যন্ত ইসরাইলে প্রায় ২২০টি রকেট ছুঁড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়েহ বলেছেন, যত আক্রমণ করুক, তারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের চেতনাকে দমাতে পারবে না। ইসরাইল এমন সময়-ই আক্রমণ করে, যখন আমরা ঘরগুলো গড়ে তুলি। তারা আমাদের ফিলিস্তিনের জাতীয় ঐক্যের পথে বাধা সৃষ্টি করতে চায়।
উল্লেখ্য, গাজায় নিহত বাহা আবুল আতার জানাজা শেষে ইসলামিক জিহাদের নেতা খালেদ আল বাতস বলেছেন, বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় এই যুদ্ধের ঘোষণা করেছে। এর শুরু হয়েছে আবুল আতাকে হত্যার মাধ্যমে। নেতানিয়াহুকে এর মূল্য দিতে হবে।
রাকিব
