মুসলমানরা ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস মুছে ফেলতে দেবে না : হাসান রুহানি

মুসলমানরা ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস মুছে ফেলতে দেবে না : হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস পুরো মুসলিম বিশ্বের মূল ইস্যু। বিশ্বের মুসলমানরা এই ইস্যু মুছে ফেলতে দেবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার দেশটির রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন তিনি। খবর পার্স টুডে।

মুসলিম বিশ্বের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে ইরানের এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ঘৃণ্য ষড়যন্ত্রের কারণে আফগানিস্তান, ইরাক ও ইয়েমেনে নিরপরাধ ও মজলুম মানুষের প্রাণহানি ঘটছে এবং মুসলিম দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব ও অনৈক্য সৃষ্টি হচ্ছে।

হাসান রুহানি বলেন, ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের মুসলমানরাই ফিলিস্তিনকে মুক্ত করবে। নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে আমেরিকা মুসলমানদের বন্ধু ছিল না এবং কখনও বন্ধু হবেও না। এই অঞ্চলের মানুষের মাধ্যমেই এখানকার সমস্যার সমাধান করতে হবে।

তিনি বলেছেন, দুঃখজনকভাবে কিছু মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে আপোষ করছে এবং ইসরায়েলের কাছে তথ্য সংগ্রহ করে নিজের মুসলমান ভাই ও প্রতিরোধ সংগ্রামের বিরুদ্ধে ব্যবহার করছে। তিনি বলেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ফিলিস্তিনিদের রক্ষায় ইরান ফ্রন্ট লাইনে রয়েছে। আজকের সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইসলামি ঐক্য বিষয়ক ১২টি বই উন্মোচন করেছেন।

চলমান ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ৪০০ জন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম যোগ দিয়েছেন। তারা ইসলামি ঐক্যের প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা করবেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।

আগের সংবাদপর্যটন খাতে মুসলিম স্থাপনা থেকে সবচেয়ে বেশি রাজস্ব পায় ভারত
পরবর্তি সংবাদইউনেস্কো সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা