ফাতেহ ডেস্ক :
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায়ের প্রতিবাদে আজ বাদ জুমা রাজধানীর বায়তুল মুকাররাম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় ভারতীয় সুপ্রিম কোর্টের রায় নয় এটা হিন্দুত্ববাদী মোদি সরকারের রায়। মসজিদের সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও মন্দির নির্মাণের রায় ভারতে ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী আগ্রাসনের অন্যতম দৃষ্টান্ত।
আল্লামা কাসেমী আরও বলেন, উচিত ছিল যারা বাবরি মসজিদকে শহিদ করেছে তাদের বিচার করে সাথে সাথে মসজিদ নির্মাণ করে দেওয়া। তা না করে ভারতের আদালত মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায় দিয়েছে। এটা ন্যাক্কারজনক ঘটনা। ওআইসি-সহ মুসলমানদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
মসজিদ ইসলামের ‘শিয়ার’। এটি রক্ষার দায়িত্ব সকল মুসলমানের উল্লেখ আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশের সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, বাংলাদেশের তাওহিদী জনতার সাথে সংহতি প্রকাশ করে মসজিদের স্থানে মন্দির নির্মাণের রায়ের বিরুদ্ধে সংসদে ‘নিন্দা প্রস্তাব’ পাশ করুন। যদি তা না করেন তাহলে আপনারা জন-প্রতিনিধি নন।
এসময় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীরর অন্য নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য দেন মাওলানা আবদুর রব ইউসুফি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনইদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা আবদুল খালেক শরিয়তপুরী প্রমুখ।
