আন্তর্জাতিক ডেস্ক :
আজ শনিবার শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ভোটগ্রহণ শুরুর স্বল্প সময় আগে উত্তর-পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু মুসলিম ভোটারদের বহন করা গাড়ি বহরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে লংকান গণমাধ্যমগুলো।
হামলায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোটার বহন করা শতাধিক বাসের ওই বহরে হামলা চালানো হয়।
কলম্বোর প্রায় ২৪০ কিলোমিটার উত্তরের তান্তিরিমালের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বন্দুকধারীরা গাড়ি বহর লক্ষ্য করে গুলি চালায় এবং ইট-পাথর ছুঁড়ে মারে। এতে কমপক্ষে দুটি বাসে গুলি লাগে। তবে আমরা এ হামলায় হতাহতের কোনো খবর পাইনি।’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘মুসলিম ভোটাররা উপকূলীয় পুটালাম শহর থেকে পাশ্ববর্তী মানার শহরে যাচ্ছিলেন ভোট দেয়ার জন্য।’
এ ঘটনার পর দ্রুত সেখানে পুলিশ বাহিনী গিয়ে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে বাস থেকে ভোটারদের উদ্ধার করে এবং ভোট দিতে নিয়ে যান।
