রোহিঙ্গা নির্যাতন : গাম্বিয়ার দায়ের করা মামলায় লড়বে মিয়ানমার

রোহিঙ্গা নির্যাতন : গাম্বিয়ার দায়ের করা মামলায় লড়বে মিয়ারমার

আন্তর্জাতিক ডেস্ক :

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলায় আদালতে লড়াই করবে মিয়ানমার। আর এতে নেতৃত্ব দিবেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।

মিয়ানমারের সরকার বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

মিয়ানমার কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়ে, গাম্বিয়ার দায়ের করা মামলার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বড় মাপের আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দেবে মিয়ানমার। এটি তাদের জাতীয় স্বার্থ রক্ষার লড়াই। ইউনিয়ন মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স হিসেবে স্টেট কাউন্সিলর অং সান সু চি তার ক্ষমতাবলে এই দলের নেতৃত্ব দিবেন।

সম্প্রতি জাতিসংঘের শীর্ষ আদালতে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া।

এক বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিরা মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। আইসিসি অবশ্য যুদ্ধাপরাধ নিয়েই বেশি কাজ করে। তবে মিয়ানমারের ক্ষেত্রে কোনও জুরিসডিকশন নেই আইসিসি’র। কেননা, মিয়ানমার এই আদালতের সদস্যরাষ্ট্র নয়। তাই আইসিসি’র প্রচেষ্টা বেশিদূর আগাতে পারেনি।

কিন্তু আইসিজে’র ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা নেই। গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক প্রবিধি মোতাবেক কোনো বিবাদের ক্ষেত্রে আইসিজে রায় দিতে পারে। এই প্রবিধিতে মিয়ানমার ও গাম্বিয়া উভয়ই স্বাক্ষর করেছে।

আগের সংবাদক্ষতিপূরণ চেয়ে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করবে কাশ্মীর চেম্বার অব কমার্স
পরবর্তি সংবাদকালাপানি এলাকা থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে : নেপালের প্রধানমন্ত্রী