ফাতেহ ডেস্ক :
মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার ২৪ ঘণ্টা পর এক মাদরাসাছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারের পেকুয়ায় এ নৃশংস ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন বিসমিল্লাহ সড়কের পাশ থেকে বস্তাবন্দি এই লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় পুলিশ দেখতে পায়, ওই ছাত্রীর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে।
মাদরাসাছাত্রীর নাম আয়েশা বেগম (১৫)। সে মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার মো. জামাল হোসেনের কন্যা এবং মগনামা শাহ রশিদিয়া আলীম মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ছিল।
ছাত্রীর বাবা জামাল উদ্দিন জানান, তার মেয়ে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু মাদরাসা ছুটির পর এবং রাতেও বাড়িতে না ফেরায় সন্দেহ হয় তাদের। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোন সন্ধান পাচ্ছিলেন না। ছাত্রীর মা নছুমা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার মেয়েকে বখাটেরা অপহরণ এবং শারিরিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ নূর জানিয়েছেন, নবম শ্রেণির ছাত্রী আয়েশা নিয়মিত মাদ্রাসায় যেতেন। কিন্তু বৃহস্পতিবার সে অনুপস্থিত ছিল।
পেকুয়া থানার ওসি মো. কামরুল আজম বলেন, লাশ উদ্ধারের পর ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীকে হত্যার পর বস্তাবন্দি করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। তবে অন্য কোনো ঘটনার শিকার হয়েছে কী-না তা ঘটনার তদন্ত এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। ক্ষতবিক্ষত এই লাশ ময়নাদতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
