ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব বেআইনি : বাংলাদেশ

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব বেআইনি : বাংলাদেশ

ফাতেহ ডেস্ক :

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলি জনবসতি নির্মাণ, সম্প্রসারণ ও দখলকে বেআইনি বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সমর্থনসহ বাংলাদেশের অবস্থান আরও জোরালোভাবে তুলে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলি দখল ও বন্দোবস্ত কার্যক্রমের অবৈধ অবস্থান সম্পর্কে কোনো দ্বিধা নেই বাংলাদেশের। সেখানে আন্তর্জাতিক আইন অনুসারে ইসরাইলি দখলকে বেআইনি বলেও অভিহিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত ফিলিস্তিন ও তার আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশ সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ৩৩৮, ৪২৫, ১৩৯৭, ১৫১৫, ১৫৪৪ ধারাসহ অন্য শান্তি প্রস্তাব এবং ‘শান্তির জন্য ভূমির নীতি’কেও পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।

নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) সব প্রতিষ্ঠানই নিশ্চিত করেছে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ইসরাইলি জনবসতি নির্মাণ ও সম্প্রসারণ সম্পর্কিত অন্য কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।

ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশ তার সমর্থনকে পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ইসরাইলকে এ বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আগের সংবাদআসামে আবার নতুন করে এনআরসি হওয়ার ইঙ্গিত দিলেন অমিত শাহ
পরবর্তি সংবাদবাবরি মসজিদ ধ্বংসের প্রতিক্রিয়ায় বাংলাদেশে দাঙ্গা : সত্য নাকি মিথ?