মুক্তি পেলেন কাশ্মীরের দুই নেতা

মুক্তি পেলেন কাশ্মীরের দুই নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

টানা তিন মাস গৃহবন্দী থাকার পর মুক্তির স্বাদ পেলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই নেতা। জম্মু-কাশ্মীর প্রশাসন সোমবার তাদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করে।

মুক্তি পাওয়া দুই নেতা হলেন পিডিপির দিলওয়ার মীর ও গোলাম হাসান মীর। দুজনই কাশ্মীরের সাবেক মন্ত্রী ও বিধায়ক। তাদের বাড়ি বরামুলায়। ৫ আগস্ট থেকে নিজেদের বাড়িতে গৃহবন্দী থাকার ১১০ দিন পর কেন্দ্রশাসিত কাশ্মীরের নতুন প্রশাসনের সিদ্ধান্তে তারা মুক্তি পেয়েছেন।

২০০২ সালে মুফতি মোহাম্মদ সাঈদ প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সময়, গোলাম হাসান মন্ত্রী হয়েছিলেন। এরপর নিজের দল গড়েন, নাম দেন ডেমোক্রেটিক পার্টি ন্যাশনালিস্ট (ডিপিএন)।

এ দিকে আশরাফ মীর ও হাকীন ইয়াসিন নামে জম্মু-কাশ্মীরের আরও দুই সাবেক বিধায়ককে এমএলএ হোস্টেল থেকে বাড়ি পাঠানো হয়েছে। তবে, এই দুজনকে গৃহবন্দীই থাকতে হবে। এমএলএ হোস্টেলে কাশ্মীরের ৩৪ রাজনৈতিক নেতাকে আটকে রাখা হয়, তাদের মধ্যে মীর ও ইয়াসীন ছিলেন।

সরকারি সূত্র জানায়, দীর্ঘদিন গৃহবন্দী থাকা নেতাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে উপত্যকার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। সোমবার বিধায়ক হোটেলে আটক কয়েকজন নেতাকে কয়েক ঘণ্টার জন্য বাড়িতে যাওয়ার অনুমতিও দেওয়া হয়।

তবে এখনো আটকই রয়েছেন কাশ্মীরের তিন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি।

আগের সংবাদখুলনায় আগুনে পুড়ে ছাই ৩৫টি কাপড়ের দোকান
পরবর্তি সংবাদপারমাণবিক ইস্যুতে সবচেয় বড় অস্ত্র হচ্ছে সংলাপ : পোপ ফ্রান্সিস