ফাতেহ ডেস্ক :
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হককে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাতা ও জঙ্গিনেতা হিসেবে উপস্থাপনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মদ ফয়জুল্লাহ।
আরও পড়ুন : যমুনা টিভির প্রতিবেদনে ইসলাম-বিদ্বেষ, শায়খুল হাদীসকে জঙ্গিনেতা আখ্যা
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. গণমানুষের কাছে শ্রদ্ধাপূর্ণ সম্মানিত একটি নাম। তিনি ছিলেন এদেশের ইসলামী রাজনীতির একজন অবিসংবাদিত নেতা। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ শায়খুল হাদীসের সাথেই পাঁচ দফার চুক্তি করেছিলেন। সখ্যতা গড়ে তুলেছিলেন। এরকম একজন কিংবদন্তি প্রয়াত শীর্ষস্থানীয় আলেম নেতা মরহুম হওয়ার পরও হলুদ মিডিয়ার চরম মিথ্যাচার থেকে রেহাই পেলেন না!
মুফতী ফয়জুল্লাহ বলেন, সর্বজনশ্রদ্ধেয় শায়খুল হাদীসকে জঙ্গিনেতা আখ্যা দিয়ে মিথ্যা বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের জন্য যমুনা টিভিকে অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সংশ্লিষ্ট টিভি কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, তাদের মিথ্যা, বিভ্রান্তিকর প্রতিবেদন দেশে বিদ্যমান গণমাধ্যম আইন ও সম্প্রচার নীতিমালাসহ প্রচলিত ফৌজদারি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ।
তিনি আরও বলেন, আমরা মনে করি, যমুনা টিভি দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে এহেন মিথ্যা অপমানজনক, মানহানিকর, বিভ্রান্তিকর তথ্য ও প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকবে।
