শনিবার মজলিসে দাওয়াতুল হকের ২৫তম কেন্দ্রীয় ইজতেমা

শনিবার মজলিসে দাওয়াতুল হকের ২৫তম কেন্দ্রীয় ইজতেমা

ফাতেহ ডেস্ক :

৭ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসে দাওয়াতুল হকের ২৫তম কেন্দ্রীয় ইজতেমা। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী মাদরাসায় এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

দাওয়াতুল হকের প্রচার সম্পাদক মাওলানা রিদওয়ান হাসান গণমাধ্যমকে জানান, প্রতি বছরের মতো এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সুন্নতের এ অনন্য মাহফিল। এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশ নিবেন। একই সঙ্গে বাংলাদেশের দেশবরেণ্য হারদুয়ী হজরতের খুলাফাগণ ইজতেমায় একত্রিত হবেন।

দিনব্যাপী এ ইজতেমার কার্যক্রমকে ৫ টি অধিবেশনে ভাগ করা হয়েছে। প্রথম অধিবেশন বাদ ফজর আল্লামা মাহমূদুল হাসানের স্বাগত বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার কার্যক্রম। এরপর ইশরাকের নামাজ ও নাস্তার বিরতি।

সকাল ৯টা থেকে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। চলবে জোহর নামাজ পর্যন্ত। এতে ফায়দা ও আদবসহ কুরআনে পাকের তেলাওয়াত, তারানা, মালফুজাত, মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সুন্নত, ৩টি সহজ সুন্নত ও হুকুকে ওয়ালিদাইনের মশক ও মুজাকারা, মজলিসে দাওয়াতুল হকের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচীর আলোচনা, অতিথি উলামায়ে কেরামের বয়ান, আযান, ইকামত ও নামাযের আমলী মশক।

তৃতীয় অধিবেশন শুরু হবে ১ টা ৪৫ মিনিটে। এ অধিবেশনে জেলা প্রতিনিধিদের কারগুজারী, নতুন হালকার তাশকিল ও মারকাজের সংক্ষিপ্ত কারগুজারী পেশ, অতিথি উলামায়ে কেরামের বয়ান এবং আসরের নামায।

আসরের পর শুরু হবে চতুর্থ অধিবেশন। এ সময়ে এক মিনিটের মাদরাসা ও কুরআন তিলাওয়াত এবং অতিথি উলামায়ে কেরামের বয়ান।

মাগরিবের পর থেকে এশা পর্যন্ত ৫ম অধিবেশনে থাকবে ফায়দা ও আদবসহ কুরআন তিলাওয়াত, ইহইয়ায়ে সুন্নত, রদ্দে বিদআত ও মুনকারাতের উপর বিশেষ বয়ান, হযরত আমীরুল উমারার দিক-নির্দেশনামূলক বয়ান ও আখেরী মুনাজাত।

উল্লেখ্য, ইজেতমায় আগত মেহমানদের জন্য উন্মুক্ত মেহমানদারির ব্যবস্থা রয়েছে মাদরাসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়।

আগের সংবাদজলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সপ্তম অবস্থানে বাংলাদেশ
পরবর্তি সংবাদযশোরে আলমি শুরাপন্থীদের তিনদিনের জোড় ইজতেমা শুরু