
আন্তর্জাতিক ডেস্ক :
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংঘর্ষে উত্তাল পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতে নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নাগরিকত্ব সংশোধনী এই বিল আইনে পরিণত হলো।
এর আগে গত সোমবার লোকসভায় পাস হয়েছিল এই বিল। এরপর বুধবার রাজ্যসভায়ও পাস হয়ে যায়। দেশটির সংসদের উভয় কক্ষে বিতর্কিত এই বিল পাসকে কেন্দ্র করেই বিক্ষোভ-প্রতিবাদের সূচনা হয়েছে। কারফিউ ভেঙে রাস্তায় নামা জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের গুয়াহাটিতে পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।
এই সংশোধনী বিল অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈনসহ সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্বের দাবি জানাতে পারবেন।
অমিত শাহ জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান তিনটিই মুসলিম দেশ। ফলে, সেখানে মুসলিমদের সঙ্গে অবিচার হওয়ার সম্ভাবনা কম। ফলে, এই বিলে তাদের কথা বলা হয়নি। এর বদলে ওইসব দেশে যারা সংখ্যালঘু তাদের কথা বলা হয়েছে। তবে কোনও মুসলিমের সঙ্গে অবিচার হলে তাদেরও নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
