ফাতেহ ডেস্ক :
কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। নাস্তিকদের শাস্তির আইন সংসদে পাশ করুন। অন্যথায় রাসূল সা. এর খতমে নবুওয়তের হেফাজতের জন্য আমরা কঠিন আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।’
গতকাল শুক্রবার জুমার পর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা শাহ আহমদ শফী আরও বলেন, ‘ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটি। যারা এ পাঁচ স্তম্ভ মেনে চলে তারা আস্তিক। যারা মানে না তারা নাস্তিক। এই নাস্তিকরাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাদিয়ানিরা খতমে নবুওয়ত স্বীকার করে না, তাই তারা কাফের। তারা নিজেদের আহমদিয়া মুসলিম পরিচয় দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। ইসলামের পরিভাষা ব্যবহার করার অধিকার তাদের নেই।’
এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা আবদুল বাসেত খান, ড. এবিএম হিজবুল্লাহ, মাওলানা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি রহিমুল্লাহ কাসেমী, মাওলানা ইয়াকুব ওসমানী, মুফতি মাহমুদ হাসান গুনবী, মাওলানা লোকমান হাকীম, মাওলানা মুফতি কুতুব উদ্দিন নানুপুরী, মাওলানা শামসুদ্দিন আফতাব প্রমুখ।
