আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের নতুন নাগরিকত্ব আইনকে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আখ্যা দিয়ে ভারত সরকারকে তা সংশোধনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের মুখপাত্র জেরেমি লরেন্স গতকাল এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। খবর রয়টার্সের।
জেরেমি বলেন, ‘আমরা জানি যে এই আইনের বৈধতা ভারতের সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং আমাদের আশা মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইনে ভারতের যে দায়বদ্ধতা রয়েছে আদালত তা বিবেচনায় নিয়ে নাগরিকত্ব আইনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
তিনি আরও বলেন, ‘এই আইন উল্লিখিত ছয় ধর্মীয় সম্প্রদায়ের মতো মুসলিম শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে না। আইনের দৃষ্টিতে সমতা রক্ষায় ভারত সরকারের যে সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে তার সঙ্গেও সাংঘর্ষিক এটি।’
উল্লেখ্য, ভারতের সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি পাস হওয়ার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে বিলটি আইনে পরিণত হয়েছে।
নতুন এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ‘ধর্মীয় নিপীড়নের’ শিকার হয়ে যেসব অমুসলিম ভারতে গিয়েছেন, তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে আর ভাবা হবে না, বরং তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
