
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় মার্কিন হুমকি উপেক্ষা করে দ্বিতীয় ধাপে আরো এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে তুর্কি সরকার। তুরস্ক বলছে, কোনো কিছুর মাধ্যমেই এস-৪০০ কেনা থেকে তাদের আটকানো যাবে না। খবর প্রেস টিভি।
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রথমবার রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনলেও দ্বিতীয়বার যেন এটা না কেনে সে জন্য তুরস্ককে আবারো সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দিয়েছে নিষেধাজ্ঞার হুমকিও।
এ দিকে রুশ ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে তুরস্কের ওপর ক্রমাগত মার্কিন চাপ তৈরির তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়া বলছে, প্রতিরক্ষা সরঞ্জামাদি ক্রয়ের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা হুমকি কোনো মতেই ‘গ্রহণযোগ্য’ নয়।
গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, যদিও এটা শুধুই হুমকির বিষয়। তার পরও এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র শুধু তুরস্ক নয়, অনেক দেশের ওপরই চাপ তৈরি করছে। সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের স্বার্থ আদায়ের জন্য নিষেধাজ্ঞা নীতি ব্যবহার করছে তারা।
