ডিজিটাল আইনে গ্রেফতার দৈনিক সংগ্রামের সম্পাদক, তিন দিনের রিমান্ড মঞ্জুর

ডিজিটাল আইনে গ্রেফতার দৈনিক সংগ্রামের সম্পাদক, তিন দিনের রিমান্ড মঞ্জুর

ফাতেহ ডেস্ক :

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে। দেওয়া হয়েছে তিনদিনের রিমান্ড।

আজ শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম মইনুল ইসলাম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বার্তা সংস্থা ইউএনবি’কে তেজগাঁও পুলিশের উপ-কমিশনার মো. আনিসুর রহমান জানান, ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেনের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বৃহস্পতিবার ‘দৈনিক সংগ্রামে’ প্রকাশিত এক প্রতিবেদনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর হওয়া আবদুল কাদের মোল্লাকে ‘শহিদ’ হিসেবে উল্লেখ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবারই পত্রিকাটির কার্যালয় ভাঙচুর করে মুক্তিযোদ্ধা মঞ্চের একদল নেতাকর্মী। আবুল আসাদকে করা হয় হেনস্থা।

মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি আল মামুনের নেতৃত্বে নেতা–কর্মীরা বিকেল ৫টার দিকে কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা ভাঙচুর চালায়। তারা কার্যালয়ে ঢুকে বেশ কয়েকটি টেলিভিশন, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে। সম্পাদক আবুল আসাদকে কার্যালয় থেকে বের করে পুলিশের হাতে দেওয়ার আগে ক্যামেরার সামনে তাকে হেনস্থা করেন ওইসব নেতাকর্মী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাতিরঝিল থানায় নিয়ে যায়।

প্রসঙ্গত, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসি কার্যকর করা হয় আবদুল কাদের মোল্লার। তিনি জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব ছিলেন।

আগের সংবাদমার্কিন হুমকি উপেক্ষা করে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক
পরবর্তি সংবাদভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ‘খারাপ’ হচ্ছে?