
আন্তর্জাতিক ডেস্ক :
হায়দরাবাদ থেকে কলকাতা, মুম্বাই থেকে বেঙ্গালুরু সর্বত্র মসজিদে জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে বিশেষ বার্তা এবং গাইডবুক বিতরণ করছে ভারতের মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিজেপি সরকার বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, ভারতজুড়ে হবে এনআরসি। আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলও। তাই নথি সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিক রাখার জন্য প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে সতর্ক করা হচ্ছে মসজিদের পক্ষ থেকে।
নথি সংক্রান্ত সহায়তার জন্য বিভিন্ন সংগঠন সাহায্য শিবিরও চালু করেছে। সতর্কতামূলক নির্দেশনা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। নাগরিকত্বের বিভিন্ন নথিতে যাতে তথ্য একই থাকে সে জন্য ‘গাইডবুক’ও বিতরণ করা হয়েছে। আসামে এনআরসি থেকে বাদ পড়েছে ১৯ লাখের বেশি মানুষ। শিবিরের উদ্যোক্তাদের দাবি, নথিতে ভুল থাকার কারণে তালিকা থেকে অসংখ্য মানুষের নাম বাদ গিয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এই আয়োজন।
বেঙ্গালুরুর জামিয়া মিলিয়া মসজিদের ইমাম ইমরান মাসুদ বলেন, ‘গত তিন মাস ধরেই আমরা মুসলিমদের নথিতে থাকা ভুল ঠিক করার কথা বলে আসছি।’
কর্ণাটকের একটি মসজিদের সম্পাদক সুহেল আহমেদ বলেন, ‘প্যান ও আধার কার্ড যেসব মুসলিমদের নেই তাদের এই ধরনের শিবিরের মাধ্যমে পরিচয়পত্র করে দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৬ হাজার ফরম বিতরণ করা হয়েছে।’
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে জানানো হয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের নানা জায়গায় এই ধরনের শিবির করা হয়েছে। হায়দরাবাদেও এক দল স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে।
