ফাতেহ ডেস্ক :
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসার অভিযোগে বিষয়ে মুখ খুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম উঠলেও সেটা পাক বাহিনীর ভুল বলে অভিহিত করেছেন তিনি।
সোমবার বিকেলে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি। সেখানে কার নাম আছে, আর কার নাম নেই সেটা আমরা বলতে পারব না।’
তিনি আরও বলেন, ‘একই নামে তো অনেক মানুষ থাকতে পারে। আর একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসবে কেন, এটা হতে পারে না। আর যদি আসেও সেটা পাক বাহিনীর ভুল। যদি মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসে থাকে, তবে আমরা সেটা যাচাই করে দেখব।’
উল্লেখ্য, রোববার প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাচাই-বাছাই করে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে। সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় এসেছে কয়েকজন মুক্তিযুদ্ধার নাম। এই নিয়ে সমালোচনার মুখে পড়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
