আন্তর্জাতিক ডেস্ক :
নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ভারতের মুসলিম শিক্ষার্থীদের সঙ্গে এবার মাঠে নেমে এসেছে হিন্দু শিক্ষার্থীরাও। জামিয়া মিল্লিয়ায় পুলিশের নৃশংস হামলার পরেই তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন বলেছে, ‘গতকাল সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ডাকে মুসলিমদের সঙ্গে নেমে আসে হিন্দু শিক্ষার্থীরাও।’
প্রতিবাদ মিছিলে আসা আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী দেবদত্তা বসু বলেন, ‘জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে যে ভাবে পড়ুয়াদের উপরে অত্যাচার হয়েছে, তা শুনে আর ভিডিয়ো দেখে নিজেকে স্থির রাখতে পারলাম না। এ তো পড়ুয়াদের অধিকার কেড়ে নেওয়ার শামিল। তাই প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
আশুতোষ কলেজের ছাত্র শুভজিৎ দাস জানান, ‘নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের পড়ুয়ারা একটি ফেসবুক পেজ খুলেছেন দিন কয়েক আগে। এত দিন তারা ফেসবুকেই এই আইনের বিরুদ্ধে সরব ছিলেন। কিন্তু রবিবার বিকেলে পুলিশ জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে যে ভাবে নির্বিচারে লাঠি চালিয়েছে, তা দেখে এ দিন সকালে ফেসবুকেই তারা ঠিক করেন, রাস্তায় নেমে এর প্রতিবাদ করবেন।’
শুভজিৎ আরও জানান, ‘সকালে ফেসবুকে সবাইকে জানাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী জড়ো হন। তার পরেই একজোট হয়ে পথে নেমেছি আমরা। অনেকেই এই প্রথম বার কোনও ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলাম।’
