
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বর্তমান পরিস্থিতিতে দারুল উলুম দেওবন্দের ছাত্রদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দারুল উলুমের মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা আরশাদ মাদানী। গতকাল (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে শিক্ষার্থীদের সঙ্গে এক মজলিসে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের মাওলানা আরশাদ মাদানী বলেন, তোমরা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করতে এসেছো। এখানে প্রায় ৪০-৫০ হাজার ছাত্র পড়াশোনা করছে। দেওবন্দের আওতাধীন হাজারো মাদরাসা রয়েছে ভারতে। তোমাদের আন্দোলনের কারণে যেন দেওবন্দ মাদরাসা বরন্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবা। ’
মাওলানা মাদানী আরও বলেন, প্রিয় সন্তানেরা! সরকারের মুসলিমবিরোধী আইনের কারণে আমাদের অন্তরেও রক্ষক্ষরণ হচ্ছে। বার্ধক্যে উপনীত হয়েছি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি। তবুও সকালে তোমাদের দরস শেষ করে দিল্লিতে ছুটে যাচ্ছি আবার ফিরে এসে পরদিন তোমাদের ক্লাস করাচ্ছি। তোমাদের নিরপত্তার জন্য, দেশের মুসলিম নাগরিকদের জন্য।
এ সময় মাদরাসার ফটক থেকে ছাত্রদের বের না হওয়ার আহ্বান জানান মাওলানা আরশাদ মাদানী।
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে বিক্ষোভ দমাতে জামিয়া মিল্লিয়ার নিরস্ত্র ছাত্রদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালায় এবং অনেক ছাত্রকে আটক করে।
এরই প্রতিবাদে সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের দারুল উলুম দেওবন্দেও শুরু হয় বিক্ষোভ। দফায় দফায় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষকদের আহ্বানে বিক্ষোভ থেকে ফিরে যায় দারুল উলুমের ছাত্ররা।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে মোদি সরকারের উর্ধ্বতন কর্মকর্তরা ছুটে আসেন দেওবন্দে। শিক্ষকদের সঙ্গে জরুরি এক বৈঠকে ছাত্রদের আন্দোলনে যোগ না দিতে ও পরিস্থিতি স্বাভাবিক করতে ১৫ দিনের জন্য মাদরাসা বন্ধের আবেদন করেন। কিন্তু দেওবন্দ কর্তৃপক্ষ ছুটি ঘোষণার আবেদন প্রত্যাখ্যান করেছেন।
