
ফাতেহ ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী তেলওয়ারী গণ্ডি মোড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ফারুক মিয়া (৩০) নামে ১১ মামলার এক আসামি নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ফারুক মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৮টি মাদকসহ প্রায় ১১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১০০টি ইয়াবা, সাতটি গুলির খোসা, একটি রামদা, একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল দাস জানান, উপজেলার আঠারবাড়ী তেলওয়ারী গণ্ডি মোড় এলাকায় কয়েকজন মাদক ভাগাভাগি করছে এমন গোপন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালায়।
গোলাগুলির একপর্যায়ে আসামিরা পালিয়ে যায়। এলাকা তল্লাশি করে মাদক ব্যবসায়ী ফারুক মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ফারুক মিয়া মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধের ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার এসআই সাফায়েত, এএসআই মো. খলিল ও কনস্টেবল আনোয়ার হোসেন আহত হয়েছেন। তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।
