ফাতেহ ডেস্ক :
মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে মাঝে-মধ্যে বাংলাদেশে ‘পুশইন’ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফলে সীমান্ত ঘেঁষা মেহেরপুরে বহিরাগতদের সংখ্যা বাড়ছে। এদের মধ্যে অধিকাংশ হিন্দি, গুজরাটিসহ বিভিন্ন ভাষায় কথা বলছে।
রোববার মুজিবনগর সীমান্ত দিয়ে আট বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। পুলিশ রোববার বিকালে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
আটককৃতরা জানায়, তারা কয়েক বছর ধরে ভারতে গিয়ে বসবাস করছে। পুলিশ তাদের বিভিন্ন সময়ে আটক করে দমদম জেলা কারাগারে পাঠায়। দমদম জেলখানা থেকে পুলিশ নদীয়া জেলার চাপড়া থানার বেলপাড়া সীমান্তে বিএসএফের ৮১ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে।
ব্যাটালিয়ন সদস্যরা তাদের মুজিবনগর আনন্দবাস সীমান্ত দিয়ে এপারে ঠেলে দিয়েছে। পরে এপারে মুজিবনগর থানা পুলিশ তাদের পাসপোর্ট আইনে আটক করে।
জানা গেছে , সীমান্তের ওপারে আরও অনেক বাংলাভাষীকে জড়ো করে রাখা হয়েছে ঠেলে পাঠাবার জন্য।
