স্কুলছাত্রকে তুলে নেয়ার সময় জনতার হাতে আটক পুলিশ কনস্টেবল

স্কুলছাত্রকে তুলে নেয়ার সময় জনতার হাতে আটক পুলিশ কনস্টেবল

ফাতেহ ডেস্ক :

গাজীপুরের শ্রীপুরে রমজান আলী নামে এক ছাত্রকে তুলে নেয়ার সময় পুলিশ কনস্টেবলসহ তার দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার জৈনা বাজারের আকরাম ইলেক্ট্রনিক্সে এ ঘটনা ঘটে।

রমজান নগর হাওলা গ্রামের বছির উদ্দিনের ছেলে এবং স্থানীয় ধনুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জনতার হাতে আটককৃত পুলিশ কনস্টেবলের নাম অমিত বড়ুয়া। তিনি ময়মনসিংহের ভালুকা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) কার্যালয়ের কনস্টেবল।

আকরাম ইলেট্রনিক্সের স্বত্তাধিকারী আকরাম হোসেন কাজল জানান, আমার ভাতিজা রমজান আলীকে পুলিশ পরিচয়ে চারজন লোক দোকান থেকে বাহিরে ডেকে নিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রমজানের চিৎকারে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে (অমিত ও জনি) ঘেরাও করে আটক করে। এ সময় তাদের অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগের সংবাদমেহেরপুর সীমান্ত দিয়ে ‘পুশইন’ করাচ্ছে বিএসএফ!
পরবর্তি সংবাদহাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা, সমর্থন চাইলেন ভিপি নুর