আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে বিজেপি সরকার কর্তৃক বিতর্কিত নাগরিকত্ব আইন ও বাবরি মসজিদ মামলার রায় নিয়ে অবশেষে ‘উদ্বেগ’ জানিয়ে দায় সেরেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
রোববার সৌদি আরবের জেদ্দা থেকে ওআইসির এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর মাধ্যমে ভারত সরকার মুসলিমদের স্বার্থহানি করেছে বলে মৌখিক অভিযোগ আনে সংস্থাটি। খবর আনাদলু ও ডনের।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের চার্টারের মাধ্যমে প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করেছে। তার বিপরীতে ভারতের এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
ওআইসি গভীরভাবে ভারতের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে অবিলম্বে মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ করা ও তাদের পবিত্র স্থানগুলো সংরক্ষণ করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।
ভারত সরকারের এমন আচরণ ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করবে জানিয়ে বিবৃতিতে জাতিসংঘ সনদের নীতিমালা, দায়বদ্ধতা, বাধ্যবাধকতাগুলো তুলে ধরে কোনও রকম বৈষম্য ছাড়া ভারতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক আইন পালনের ওপর জোর দেয়া হয়েছে।
কিন্তু ওআইসি’র সদস্য রাষ্ট্রগুলো ভারতের মুসলিম ও ইসলাম-বিদ্বেষী কর্মকাণ্ডে কোনো ধরনের পদক্ষেপ নেবে কি না, বা নেওয়া উচিত কি না এ ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে। ওআইসি মুসলিম-স্বার্থ রক্ষার জন্য গঠিত হলেও বহু বছর ধরে এটা বিবৃতি সর্বস্ব একটি সংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ সচেতন মহলের।
