আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের জবর দখলে থাকা অবরুদ্ধ কাশ্মীর উপত্যকা থেকে কয়েক লাখ সেনার মধ্য থেকে আধা সামরিক বাহিনীর ৭ হাজার জওয়ানকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত। মঙ্গলবার বিজেপির সভাপতি অমিত শাহর দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের এ ঘোষণা দেয়। খবর এনডিটিভি’র।
পৃথিবীর সামরিক অঞ্চলগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে কাশ্মীর। কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণকে দমিয়ে রাখতে কয়েক লাখ সেনা মোতায়েন রয়েছে উপত্যকাটিতে। নিয়ন্ত্রণের জন্য পৃথিবীর আর কোনো অঞ্চলে এতো অধিকা সংখ্যক সৈন্য উপস্থিতি নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) ৭২ কোম্পানি জওয়ানকে কাশ্মীর থেকে তাদের পুরনো কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সিএপিএফ একটি কোম্পানি গঠন করা হয় প্রায় ১০০ জওয়ানের সমন্বয়ে। গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এ জওয়ানদের উপত্যকায় পাঠানো হয়। যদিও পাঠানোর সময় এই সৈন্য সংখ্যা ফেরত নেবার তুলনায় অনেক বেশি ছিল।
