নাগরিকত্ব আইন কখনোই প্রত্যাহার করা হবে না : বিজেপি মন্ত্রী

নাগরিকত্ব আইন কখনোই প্রত্যাহার করা হবে না : বিজেপি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

ক্ষমতাসীন বিজেপি মন্ত্রীসভার মুসলিম সদস্য মুখতার আব্বাস নাকভি বলেছেন, ‘নাগরিকত্ব সংশোধন আইন কখনোই প্রত্যাহার করা হবে না। একটি অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। আর এতে মুসলিমদের নাগরিকত্ব কোনওভাবেই ঝুঁকিতে পড়বে না।’

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তর প্রদেশের এলাহাবাদের রাজনীতিক মুখতার আব্বাস নাকভি বলেন, ‘পার্লামেন্টের ভেতরে-বাইরে বলা হয়েছে যে আইনটি ভারতের নাগরিকদের জন্য নয়। ১৯৯৫৫ সালের নাগরিকত্ব আইনে যে কেউই ভারতের নাগরিকত্ব পেত। বর্তমান সংশোধনীটি আলাদা। গত ৫-৬ বছরে পাঁচশোরও বেশি মুসলমান নাগরিকত্ব পেয়েছে। এখনও যদি চায়, তাও পাবে। তারও ব্যবস্থা আছে’।

জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) প্রণয়নে সরকার কোনও পদক্ষেপ নিয়েছে কিনা জানতে চাইলে মুখতার আব্বাস নাকভি বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ৫৫ বছরের পুরনো নাগরিকত্ব আইন সংশোধন করে ভারত। এতে বাংলাদেশসহ প্রতিবেশি তিন দেশ থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈন ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। এসব বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে। আটক হয়েছে হাজার হাজার মানুষ।

আগের সংবাদআলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মামলায় আসামি এক হাজার
পরবর্তি সংবাদ২০২০ সালে ওআইসির যুব রাজধানী বাংলাদেশ