ফাতেহ ডেস্ক :
দুর্নীতি, অনিয়মের নানা অভিযোগে অভিযুক্ত হয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে আজ বিদায় নিচ্ছেন দীর্ঘদিনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। নতুন দায়িত্ব পাচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
গতকাল সোমবার এক অফিস আদেশে ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আদেশে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৩০ ডিসেম্বর শেষ হয়েছে। তাই প্রতিষ্ঠানটির সব কাজ সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দারকে নিয়োগ দেওয়া হয়েছে। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষমতাসহ তিনি ইফার ডিজি হিসেবে কাজ করবেন। নতুন ডিজি যোগদান না করা পর্যন্ত এ পদে বহাল থাকবেন হামিদ জমাদ্দার। ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন সামীম আফজাল।
নতুন দায়িত্ব পাওয়া মু. আ. হামিদ জমাদ্দার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব পালন করব। নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার কাছে দায়িত্ব হস্তান্তর করব।
