ফাতেহ ডেস্ক :
ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের হিন্দু শিক্ষার্থী অন্তর সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও রাসুলকে নিয়ে সম্প্রতি কটূক্তি করার ঘটনায় পলিটেকনিকের শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ করেছেন ময়মনসিংহে। প্রথমে পলিটেকনিক ইন্সটিটিউটের অভ্যন্তরে প্রতিবাদ হলেও দুপুরের দিকে বিষয়টি বাইরে জানাজানি হলে পলিটেকনিক মাঠে তৌহিদি জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে পলিটেকনিকের শিক্ষার্থীদের পাশাপাশি আলেম ওলামা ও ধর্মপ্রাণ সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মিডিয়া সমন্বয়ক মাওলানা মানাযির আহসান তাবশীর ফাতেহ টুয়েন্টি ফোরকে জানান, বিক্ষোভ কর্মসূচি থেকে কটূক্তিকারী অন্তর সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যে কটূক্তিকারীকে গ্রেপ্তার করেছে প্রশাসন। ইন্সটিটিউটের যে হলে সে থাকত, সেখান থেকেও বহিস্কার করা হয়েছে। ইন্সটিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, অফিসিয়াল জটিলতা সেরে দ্রুত তাকে প্রতিষ্ঠান থেকেও বহিস্কার করা হবে।
মাওলানা তাবশীর আরও জানান, বিক্ষোভের পর এর নেতৃত্বে থাকা দায়িত্বশীলদের সঙ্গে প্রশাসন বিশেষ বৈঠক করেছে। বৈঠক থেকে আশ্বাস দিয়ে বলা হয়েছে, প্রচলিত আইনে কটূক্তিকারীর উপযুক্ত শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে। প্রশাসন এ নিয়ে ভোলার মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
তবে বিক্ষোভকারীরা জানান, প্রচলিত আইনে নয়, বরং এ ধরনের অপরাধীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে অবিলম্বে আইন পাস করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ আর কেউ করতে না পারে। এ জন্য আগামী ২ জানুয়ারি দুপুর দুইটায় ময়মনসিংহ কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহ্বান করেছেন তাঁরা।
