ফাতেহ ডেস্ক:
আগামী ৪ জানুয়ারির ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনীতে উপেক্ষিত থাকছেন দুর্নীতির অভিযোগে দায়িত্ব হারানো সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। অনুষ্ঠানে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীদের উপস্থিত থাকবার কথা থাকলেও এখন পর্যন্ত দাওয়াতই পাননি তারা।
গতকাল বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা।
জানা যায়, পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের দাওয়াতপত্র পাঠিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়েছিলেন। তাই তাদেরকে আলাদাভাবে দাওয়াত দেয়া হয়নি।
প্রসঙ্গত, দেশের ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর সংগঠনটির দায়িত্ব নেন কমিটির ১ নম্বর জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
