আন্তর্জাতিক ডেস্ক:
গত বৃহস্পতিবার রাতে ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলায়মানি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগণ জানিয়েছে, দেশের বাইরে মার্কিন নাগরিকদের রক্ষায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে কাসেম সোলায়মানিকে হত্যা করা হয়েছে। পেন্টাগণ জানায়, ‘সোলায়মানি ও কুদস ফোর্স আমেরিকান ও আন্তর্জাতিক জোটের শতশত সৈন্য হত্যার জন্য দায়ী।’
অন্যদিকে হামলায় সোলায়মানি ও ইরাকি মিলিশিয়া বাহিনীর উপপ্রধান আবু মাহদি নিহত হওয়ার বিষয়টি সংগঠনের সূত্রে ইরাকের সরকারি টেলিভেশন নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ইরানের অভিজাত কুদস ফোর্সের এই জেনারেলের বিরুদ্ধে সুন্নীদের ব্যাপক নির্যাতন এবং সিরিয়া, ইরাক ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্থিরতা তৈরির শক্ত অভিযোগ রয়েছে। তবে একই সঙ্গে তিনি আমেরিকা ও ইসরায়েলের তুমুল মাথাব্যথারও কারণ ছিলেন। আমেরিকার বনেদি জার্নাল ‘ফরেন পলেসি’ গত বছর বিশ্বজুড়ে বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে তালিকা করেছে, তাতে সমর খাতে জেনারেল কাসেম সোলাইমানিকে প্রথম স্থানে রাখা হয় । পাশাপাশি আমেরিকার প্রশাসন এই জেনারেলকে একজন ‘সন্ত্রাসী’ হিসেবেই দেখেত। তাঁকে নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের জারি করা একাধিক নিষেধাজ্ঞা আছে।
