ফাতেহ ডেস্ক :
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জমে উঠেছে জুয়ার উৎসব। উচ্চবিত্তদের সঙ্গে এ জুয়ায় অংশ নিচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকেরাও। জুয়ায় হেরে নিঃস্ব হচ্ছে অনেকেই।
গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে কুড়িগ্রামের তিন উপজেলার বিভিন্ন স্থান থেকে এমন ৮৯ জনকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিপিএল ক্রিকেটের আসর ঘিরে বাজি খেলা চলছিল এ খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রাম সদর থানার কাঁঠালবাড়ি বাজার থেকে ১৮ জন এবং মোগলবাছায় ১০ জন, নাগেশ্বরী থানার মনিয়ার হাট, চান্দের হাট ও দীঘির পাড়ে ৯ জন, উলিপুর থানার ধামশ্রেণি ইউনিয়নের ইন্দ্রারপাড় থেকে ৭ জন, হাতিয়ার চৌমোহনী বাজার থেকে ৪ জন, পৌর এলাকার কাজির চর থেকে ২২ জনকে আটক করে থানা পুলিশ। এছাড়াও উলিপুরের ময়না বাজার থেকে ১৯ জনকে আটক করে ডিবি পুলিশ।
কুড়িগ্রাম অতিরিক্তি পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, আটককৃতদের মামলার পর কোর্টে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
