শায়খুল হাদীস তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই

শায়খুল হাদীস তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই

ফাতেহ ডেস্ক:

দেশের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুরে শ্বাস কষ্ট হঠাৎ বেড়ে গেলে হবিগঞ্জে তাঁর উমেদনগরের বাসা থেকে প্রথমে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হবিগঞ্জের ডাক্তারগণ তাঁকে সিলেট রেফার করেন। পরে অক্সিজেন লাগিয়ে সিলেটে নেয়ার পথে আউশকান্দি এলাকা অতিক্রমের সময় তিনি শেষঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মেঝো ছেলে মাওলানা মামনুনুল হক এ খবর নিশ্চিত করেছেন ফাতেহ টুয়েন্টি ফোরকে।

শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী দীর্ঘ দিন ধরে তাঁর প্রতিষ্ঠিত জামিয়া উমেদনগর হবিগঞ্জে বোখারি শরিফের দরস দিয়ে আসছিলেন। চলতি বছর সিলেটের শীর্ষস্থানীয় মাদরাসা জামিয়া তাওয়াক্কুুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দীন রহ. ইন্তেকাল করলে তিনি রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস হিসেবেও দায়িত্বপ্রাপ্ত হন।

হাদিসের খেদমতের পাশাপাশি তিনি কয়েক যুগ ধরে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত তাফসির মাহফিলগুলোতে সাধারণ মানুষের উদ্দেশে কুরআনের তাফসির পেশ করে আসছিলেন। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় ও মুরব্বি আলেম হিসেবে ধর্মীয় ঘরানায় তিনি সম্মানীয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন।

গত বেশ কিছুদিন যাবত তিনি শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত কয়েকমাসে হার্টের সমস্যা বেড়ে গেলে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। কিন্তু কিছুদিন যাবত মোটামুটি সুস্থ ছিলেন। আজ রোববার দুপুরে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় প্রথমে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হবিগঞ্জের ডাক্তারগণ তাঁকে সিলেট রেফার করেন। পরে অক্সিজেন লাগিয়ে সিলেটে নেয়ার পথে আউশকান্দি এলাকা অতিক্রমের সময় বিকাল সাড়ে চারটার দিকে তিনি শেষঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর নামাজে জানাজার সময় কিছুক্ষণ পর জানানো হবে বলে জানিয়েছেন মাওলানা মামনুনুল হক।

আগের সংবাদব্রিটেনে বাড়ছে মুসলিমদের সংখ্যা
পরবর্তি সংবাদশায়খুল হাদীস আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক