নাগরিকত্ব আইনের পর এবার বিজেপির লক্ষ্য এনআরসি

নাগরিকত্ব আইনের পর এবার বিজেপির লক্ষ্য এনআরসি

আন্তর্জাতিক ডেস্ক :

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর পর এবার এনআরসি নিয়ে সামনে এগুতে চাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর পক্ষে জনমত গড়তে প্রকাশিত প্রচার-পুস্তিকায় এমনই বলা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা।

রাজ্য বিজেপির পক্ষে রবিবার প্রকাশিত ওই পুস্তিকার শেষ পাতায় ১৪ নম্বর প্রশ্ন রাখা হয়েছে, ‘এর পর কি তবে এনআরসি?’ জবাবে লেখা হয়েছে, ‘হ্যাঁ, এর পরে এনআরসি। অন্তত কেন্দ্রীয় সরকারের মনোভাব সেরকমই।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশজোড়া সিএএ বিরোধী আন্দোলনের চাপে বিড়ম্বনায় পড়া বিজেপির দলীয় পুস্তিকায় এমন ঘোষণা আসলে বিরোধীদের উপর পাল্টা চাপের কৌশল। এনআরসি হবে বলে ঘোষণা করে দলের কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করারও চেষ্টা করল তারা।

উল্লেখ্য, সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সারা দেশেই এনআরসি হবে। কিন্তু সিএএ-র বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভের মাঝপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। পর দিন শাহও একই দাবি করেন। তার পর থেকে এনআরসি-প্রশ্নে ‘ধরি মাছ, না ছুঁই পানি’ কৌশল নিয়ে চলছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্যান্য নেতা বলছেন, এনআরসি দরকার। কিন্তু তা কবে এবং কী ভাবে হবে, ঠিক নেই। কিন্তু রবিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপির রাজ্য দফতরে সিএএ সংক্রান্ত পুস্তিকা প্রকাশের পরে বিরোধী দলগু্লো বলছে, বিজেপি নিজেই ঝুলি থেকে বেড়াল বের করে আনল!

আগের সংবাদ‘গেরুয়া’ হামলায় রক্তাক্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
পরবর্তি সংবাদশেষ শয্যায় শায়িত আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী