ফাতেহ ডেস্ক :
ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরীন। গত রোববার সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে। জোবাইদা নাসরীন ওই হলের সহকারী আবাসিক শিক্ষক।
এ ঘটনায় তিনি সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকসহ হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে অধ্যাপক জোবাইদা নাসরীন বলেন, শাড়ি নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি অভ্যন্তরীণ বিষয়। কিন্তু হলের হাউজ টিউটর হিসেবে আমাদের দায়িত্ব হলো কেউ আক্রান্ত হলে তাকে সেভ করা। কে কোন দল করে, সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু সেখানে একজন শিক্ষক হিসেবে ছাত্রীরা আমার গায়ে হাত তুলেছে।
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, তাদের মারধরের কারণে আমার ঘাড় ফুলে গেছে এবং আমার পায়ে প্রচণ্ড ব্যথা। আমি এখন চিকিৎসাধীন। প্রশাসনের কাছে বিচার দিয়েছি। আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।
উল্লেখ্য, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীদের মধ্যে শাড়ি বিতরণ করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ান। ওই সময় ছয়জন শাড়ি না পেয়ে রুমে চলে যান। হল ছাত্রলীগের সহসভাপতি সালসাবিল খান তাদের ডেকে ছয়টি শাড়ি দেন। এতে ক্ষুব্ধ হন রাইয়ান। পরে তাদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর প্রায় ঘণ্টাখানেক স্লোগান-পাল্টা স্লোগান ও দফায় দফায় মারধরের ঘটনা চলে।
