
ওমর ফারুক:
দ্বীন ও জাতি রক্ষার দূর্গ দেশের কওমি মাদরাসাগুলো। ধর্মীয় শিক্ষার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে মাদরাসা সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে মহিলা মাদরাসার সংখ্যাও। গ্রামে-গঞ্জে ও শহরের অলি গলিতে মহিলা মাদরাসার চিত্র চোখে পড়ার মতো। মাদরাসা সংখ্যা বৃদ্ধি পেলেও প্রশ্ন উঠছে নারী শিক্ষার মান নিয়ে। দেশের পুরুষ শিক্ষার্থীরা ইলম ও যোগ্যতায় অভাবনীয় সাফল্য বয়ে আনলেও নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টি অনেকটাই বিপরীত। সাম্প্রতিক সময়গুলোতে বোর্ড পরীক্ষায় প্রকাশিত ফলাফলের চিত্রও একই কথা বলে।
গত ২৫ জুলাই দ্বিতীয়বারের মতো কওমী মাদরাসাগুলোর সমন্বিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে পরিচালিত দাওরায়ে হাদীসের ফল প্রকাশ হয়েছে। ফলাফলে শতকরা ৭৩ দশমিক ৩৪ শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে। ফলাফলে ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ নারী শিক্ষার্থীদের পাসের হার পুরুষদের তুলনায় ১০ শতাংশ পিছিয়ে রয়েছে।
এর আগে ২০১৭ সালেও ৬ বোর্ডের সম্মিলিত দাওরায়ে হাদীসের পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮২ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ছিল ৮৩. ৯২ এবং নারীদের পাশের হার ৭৮. ৯৩ শতাংশ। অর্থাৎ গত বছরও নারী শিক্ষার্থীরা পুরুষদের তুলনায় ৫ শতাংশ পিছিয়ে রয়েছে।
এদিকে চলতি বছর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪১তম কেন্দ্রীয় পরীক্ষায়ও নারীদের পাসের হার ছিল পুরুষদের তুলনায় পিছিয়ে। নারী পুরুষের সকল শ্রেণিতে গড় পাশের হার ছিল ৭৬.৬৯%। এরমধ্যে ছাত্রদের পাশের হার ছিল ৮২.৬৩%। অপরদিকে ছাত্রীদের পাশের হার ৬৭.৬৩%। অর্থাৎ ১৫ শতাংশ পিছিয়ে রয়েছে নারী শিক্ষার্থীরা।
শুধু বেফাক নয় দেশের আরও অন্যান্য বোর্ডগুলোর দৃশ্য পায় একই রকমের। সব মিলিয়ে কওমি মাদরাসার ইতিহাসে পুরুষ মাদরাসাগুরো সাফল্য প্রশংসনীয় হলেও কওমী মাদরাসাগুলোর শিক্ষাব্যবস্থা ও উন্নতি নিয়ে চিন্তিত অভিভাবক ও কওমী শিক্ষাবিদরা। অথচ সাধরণ শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ এর বিপরীত চিত্র দেখা যায়। এসএসসি থেকে নিয়ে অনার্স ও মাস্টার্স লেভেল পরীক্ষায়ও নারীদের সাফল্য পুরুষদের তুলনায় অনেকাংশেই বেশি পরিলক্ষিত হয়।
শিক্ষার মানে নারী শিক্ষার্থীদের পিছিয়ে থাকার কারণ উদঘাটনে ফাতেহ২৪ এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল দেশের কয়েকজন শীর্ষ শিক্ষাবিদ ও মাদরাসা পরিচালকদের সঙ্গে।
এ বিষয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও জামিয়া মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী বলেন, স্বভাবতই নারীরা পুরুষের তুলনায় একটু কম মেধার অধিকারী। হাদীসও তাই বলে। এ কারণেই মূলত নারীরা পুরুষদের মতো ফলাফল দিতে পারছে না। তবে মহিলা মাদরাসাগুলোর পরিচালকরা নারী শিক্ষার প্রতি আরও গুরুত্ব দিলে তাদের পক্ষেও পুরুষদের মতো ভালো ফলাফল করা সম্ভব বলে আমি মনে করি।
তবে কিছুটা ভিন্ন যুক্তি দিয়েছেন শাইখ যাকারিয়া মাদরাসার মহা পরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিলেবাস কমিটির সদস্য মুফতি মিজানুর রহমান। তিনি বলেন, নারীরা যে ফলাফল করছে আমার দৃষ্টিতে পুরুষদের তুলনায় অনেক ভাল ফলাফল করছে। পুরুষরা লং সিলেবাসে পড়ে দাওরায়ে হাদীসের পরীক্ষা দিচ্ছে আর নারীরা শর্ট সিলেবাসে পড়ে দিচ্ছে। সে তুলনায় তাদের রেজাল্ট মন্দ নয়। তবে পিছিয়ে থাকার কারণ নারীদের স্বভাবজাত মেধার দুর্বলতাও হতে পারে। নারীর বুদ্ধি পুরুষের অর্ধের। অর্ধেক বুদ্ধি নিয়ে এ রেজাল্ট করা প্রশংসনীয়।
তাহলে জেনারেল শিক্ষা ব্যবস্থায় নারীরা কী করে এগিয়ে থাকে এমন প্রশ্নের জবাবে মুফতি মিজানুর রহমান বলেন, তাদের একই সিলেবাস। একই সিলেবাসে পড়াশোনা করে তারা পরীক্ষা দেয়। আমাদের মতো শর্ট সিলেবাস নয়। তাই তারা এগিয়ে থাকতে পারে। এছাড়া কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য আমরা এতটুকু ফলাফল যথেষ্ট মনে করছি। যদিও সম্প্রতি বেফাকের সিলেবাসে নারীদেরও লং সিলেবাস করার প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ হাইয়াতুল উলয়ায় নারীদের ভালো রেজাল্ট করার প্রতিও আমাদের নজর রয়েছে। অচিরেই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তবে এটা অনেক আলোচনা সাপেক্ষ।
এ বিষয়ে ইসলামি চিন্তাবিদ ও লেখক শরীফ মুহাম্মদের নিকট জানতে চাওয়া হলে তিনি মাদরাসার মান ও ব্যবস্থাপনাকেও দায়ী করেছেন। তিনি বলেন, দেশের কিছু মহিলা মাদরাসার শিক্ষার মান অনেক ভালো। তবে অধিকাংশ মাদরাসাই পিছিয়ে রয়েছে। এ ক্ষেত্রে মাদরাসার পরিচালক ও ব্যবস্থাপকদের দায়বদ্ধতা কম নয়। প্রতিষ্ঠানের স্বউদ্যোগেও শিক্ষার মানকে এগিয়ে নেওয়া যায়।
তিনি আরও বলেন, মহিলা মাদরাসার বর্তমান সিলেবাস পরীক্ষামূলক বলা যায়। এতে সংযোজন ও বিয়োজন হতে পারে। আমি মনে করি, দেশের প্রবীণ শিক্ষাবিদ, আলেম উলামারা গবেষণা করে পূর্ণাঙ্গ সিলেবাস তৈরি করলে মহিলা মাদরাসার শিক্ষার মান আরও এগিয়ে যাবে।
