আন্তর্জাতিক ডেস্ক :
বিয়ের মজলিসে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ওয়াজ করার সময় কালিমা পাঠরত অবস্থায় একজন ফিলিস্তিনি দাঈ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে আব্দুল লতিফ আবু খিতাব (৮৩) নামের বিশিষ্ট এই আলেমের ইন্তেকাল হয়। খবর আল জাজিরা।
খবরে বলা হয়, ওই বিয়ের মজলিসে তিনি বিয়ের ফজিলত ও স্বামী-স্ত্রী পরস্পরের ওপর অধিকার নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে কালিমা পাঠরত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ফিলিস্তিনি বংশোদ্ভূত হলেও বিশিষ্ট আলেম আব্দুল লতিফ আবু খিতাব বিগত ৫০ বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাস করছিলেন। কুয়েতে স্থায়ী হওয়ার পর তিন বছরের মাথায় ‘উসমান যাকাত ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। কুয়েতি জনগণের কাছে তিনি ছিলেন খুব সমাদৃত একজন ইসলামি স্কলার।
