ফাতেহ ডেস্ক :
দেশ-জাতির সমৃদ্ধির পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের কল্যাণ, শান্তি এবং দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় শেষ হয়েছে বিশ্ব ইজতেমা ২০২০।
৩ দিনব্যাপী আয়োজিত ইজতেমার শেষ দিন রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৭ মিনিটে এই মোনাজাত পরিচালনা শুরু করেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। মুসল্লিদের কান্না এবং ‘আমিন-আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে তুরাগ তীর।
এরআগে গত শুক্রবার (১০ জানুয়ারি) সকালে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা।
এদিকে, ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা অব্যাহত থাকবে।’ এছাড়া, সাদা পোশাকে মুসল্লিদের বেশেও নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে জানান তিনি।
