আন্তর্জাতিক ডেস্ক:
ভয়াবহ দাবানলের মধ্যে প্রচণ্ড গরম ও খরার কারণ দেখিয়ে চলতি মাসেই দেশের দক্ষিণাঞ্চলে থাকা ১০ হাজার উটকে গুলি করে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রতিবেদনে জানা গেছে, গত পাঁচ দিনে দেশটির কর্তৃপক্ষ ৫ হাজার উটকে গুলি করে হত্যা করেছে।
কর্মকর্তারা আজ মঙ্গলবার জানান, দেশের দক্ষিণাঞ্চলে খরা আক্রান্ত এলাকায় এই উটগুলো স্থানীয় বাসিন্দাদের খাবার ও পানির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলেই তাদের মেরে ফেলা হয়েছে।
সম্প্রতি স্থানীয় কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় খরাপ্রবণ এলাকায় ১০ হাজারের বেশি উটকে গুলি করে হত্যার সিদ্ধান্ত নেয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানলে পুড়ে সেখানকার প্রায় ৫০ কোটি প্রাণী মারা গেছে। জানা গেছে, হেলিকপ্টার থেকে পেশাদার শ্যুটার দিয়ে এসব উট হত্যা করা হয়েছে।
হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে এগুলোকে হত্যা করার কাজে সহায়তা করছে অস্ট্রেলিয়ার পরিবেশ ও পানি ডিপার্টমেন্ট। মঙ্গলবার পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলি করে ৫ হাজার উটকে হত্যা করা হয়েছে।
২৩০০ আদিবাসীর আবাসস্থল আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা (এপিওয়াই) অঞ্চলে। অঞ্চলটির ব্যবস্থাপক রিচার্ড কিং বলেন, ‘আমরা প্রাণী অধিকার কর্মীদের উদ্বেগের প্রশংসা করলেও এখানে বাস্তবতা ভিন্ন। তাই নিরাপত্তার কথা ভেবে কঠোর অবস্থান নিতে হয়। শিশুসহ বাসিন্দাদের জীবনের কথা ভাবতে হয়।’
উল্লেখ্য, অস্ট্রোলিয়া ক্যাঙ্গারুর দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত। দেশটিতে হাজার হাজার বর্গমাইলজুড়ে বিস্তৃত বনাঞ্চলে রয়েছে বিশাল জীববৈচিত্র। সাত কোটি কিলোমিটারের বিশাল এবং বিশ্বের ষষ্ট বৃহত্তম দেশটিতে জনসংখ্যার বাস মাত্র ২ কোটি। চারদিকে সমুদ্রবেষ্টিত বিশাল দেশটিতে রয়েছে ২১০০ কিমি দীর্ঘ প্রবাল প্রাচীর। সুতরাং উট পানি পান করার কারণে দেশটির ভূ-ভাগের পানি কমে যাওয়ার অজুহাত নিছকই খেলতামাশাপূর্ণ বলে মন্তব্য সচেতন মহলের।
