সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর অস্বীকার করছে বিএসএফ

ফাইল ছবি

ফাতেহ ডেস্ক:

মেহেরপুর সীমান্ত থেকে মিলন হোসেন (৪২) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর ব্যাপারটাকে অস্বীকার করছে বিএসএফ। এ ঘটনায় শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

মিলন হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে কৃষক মিলন হোসেন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯ এর কাছে নিজ জমিতে কাজ করতে গেলে ভারতের ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর ৬ বিজিবির পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়।

৬ বিজিবির শোলমারী বিওপির কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯/৫এস এর কাছে উভয় দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে তিনি এবং ভারতের পক্ষে ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং নেতৃত্ব দেন। বৈঠকে তারা মিলন হোসেনকে ধরে নিয়ে যায়নি বলে জানান।

আগের সংবাদনতুন বছরের ১৬ দিনে খালি হাতে সৌদি থেকে ফিরলেন দেড় সহস্রাধিক প্রবাসী
পরবর্তি সংবাদশিশু ধর্ষণের দায়ে ধর্ষককে প্রকাশ্যে পুড়িয়ে মারল গ্রামবাসী