২০১৯-এ দেশে দেড় হাজারেরও অধিক ধর্ষণের ঘটনা, আগের বছরের তুলনায় দ্বিগুণ

ফাতেহ ডেস্ক :

ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মতো নৃশংস ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত পাঁচ বছরে ধর্ষণের ঘটনা ঘটেছে পাঁচ হাজারের বেশি। বাংলাদেশ মহিলা পরিষদের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে ধর্ষণের ঘটনা ৮৭৯টি, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ, অর্থাৎ এক হাজার ৬০৭টি।

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য থেকে আরও জানা যায়, গত আট বছরে ধর্ষণ-গণধর্ষণের ঘটনা আট হাজার ৭৮টি। ধর্ষণের পর হত্যাকাণ্ড ঘটেছে ৬২৬টি। ২০১৮ সালে ধর্ষণের ঘটনা ৮৭৯টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬৩ জনকে এবং ধর্ষণচেষ্টার ঘটনা ১২৮টি। কিন্তু ২০১৯ সালে ধর্ষণের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণে দাঁড়িয়েছে। ধর্ষণ-গণধর্ষণ হয়েছে এক হাজার ৬০৭টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭৭ জনকে। ধর্ষণচেষ্টার ঘটনা ২৫৪টি। এছাড়া ধর্ষণের শিকার হয়ে লোকলজ্জায় আত্মাহত্যা করেছেন ১৯ নারী।

অপরদিকে, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে এক হাজারের বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ হিসাবে প্রতি মাসে ধর্ষণের শিকার ৮৪ শিশু।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পৃথক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালে এক হাজার ৪১৩ নারী ধর্ষিত হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭৬ জনকে। আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ১০ নারী। ২০১৮ সালে ধর্ষণের ঘটনা ছিল ৭৩২টি এবং ২০১৭ সালে ৮১৮টি।

আগের সংবাদইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় সেতু ধস, নিহত ৪
পরবর্তি সংবাদচাঁদপুরে ছেলের হাতে বাবা খুন, গুরুতর আহত মা