আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারে রোহিঙ্গাদের সুরক্ষায় সরকারকে দেওয়া আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর আদেশকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
স্টিফেন দুজারিক জানান, মহাসচিব গুতেসেরেস রায়ের পক্ষে সমর্থন দিয়েছেন। তিনি খেয়াল করছেন যে আদালত মিানমারকে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতের আদেশ দিয়েছে এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে অভিযান চালানো থেকে বিরত থাকতে বলেছে।
উল্লেখ্য, জাতিসংঘের এই সর্বোচ্চ আদালতের প্রেসিডেন্ট বিচারপতি আবদুল কাফি আহমেদ ইউসুফ দ্য হেগের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টায়) আনুষ্ঠানিকভাবে চারটি অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করেন।
এগুলো হলো—০১. রোহিঙ্গাদের হত্যা, মানসিক ও শারীরিক নিপীড়ন ও ইচ্ছাকৃত আঘাত করা যাবে না। ০২. গণহত্যার আলামত নষ্ট করা যাবে না। ০৩. গণহত্যা কিংবা গণহত্যার প্রচেষ্টা বা ষড়যন্ত্র না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ। ০৪. মিয়ানমারকে অবশ্যই চার মাসের মধ্যে লিখিত জমা দিতে হবে, যেন তারা সেখানে পরিস্থিতি উন্নয়নে কী ব্যবস্থা নিয়েছে। এরপর প্রতি ৬ মাসের মধ্যে আবার প্রতিবেদন দিতে হবে।
