ফাতেহ ডেস্ক :
বাংলাদেশ সীমান্তে ভারত যে হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে, তার পাল্টা জবাব দেয়া দরকার বলে মন্তব্য করেছেন কূটনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক উপর্যুপরি বাংলাদেশিদের হত্যাকাণ্ডের ঘটনায় এক প্রতিক্রিয়া তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সীমান্তে হত্যার পাল্টা জবাব দেয়া দরকার। কারণ সীমান্তে এমন কিছুই ঘটেনি যে এভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করতে হবে। এটি একটি জাতির জন্য খুবই অপমানজনক ঘটনা।
অধ্যাপক এম শাহিদুজ্জামান আরও বলেন, ‘ভারতের আচরণের পাল্টা জবাব না দিলে বিপদ আরও বাড়বে। আমার কাছে মনে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ভারত সরকারও নাখোশ। সম্প্রতি শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের একটি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ভারত প্রসঙ্গে স্পষ্ট কথা বলেছেন তিনি। মানে, তার কথা ভারত সরকারের পছন্দ হয়নি। পাকিস্তানের সঙ্গে মিলিয়ে বাংলাদেশের তুলনা করেছে মোদি সরকার। অথচ বাংলাদেশের সঙ্গে ভারতের মধুর সম্পর্ক মনে করা হয়। বিজেপি একেবারে মুসলিমবিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করছে।’
