আল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে আল্লামা সোলাইমান নোমানীর শোক

আল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে আল্লামা সোলাইমান নোমানীর শোক

ফাতেহ ডেস্ক :

দেশের বরেণ্য আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকার জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস আল্লামা সোলাইমান নোমানী।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহঃ ছিলেন দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন অকুতোভয় সিপাহসালার। ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন ময়মনসিংহ বিভাগের সকল ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের মাথার মুকুট। তাঁর বাবা ছিলেন প্রয়াত সাংসদ ও বিশিষ্ট বুজুর্গ আল্লামা আতাহার আলী রহ.। যিনি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহির খাছ খলিফা।

তাঁর মৃত্যুতে বাংলাদেশের আলেম সমাজ আরেকজনকে মুরব্বিকে হারালেন উল্লেখ করে আল্লামা সোলাইমান নোমানী বলেন, আল্লাহ এই আলেমকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম দান করুন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, আজ বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।

আগের সংবাদশরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর
পরবর্তি সংবাদআল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে আল্লামা আহমদ শফীর শোক