‘ডিল অব দ্য সেঞ্চুরি’র প্রতিবাদে বিক্ষোভ, ইজরাইলি হামলায় আহত ৪১ ফিলিস্তিনি

‘ডিল অব দ্য সেঞ্চুরি’র প্রতিবাদে বিক্ষোভ, ইজরাইলি হামলায় আহত ৪১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে দখলদার ইজরাইলি বাহিনী। এতে অন্তত ৪১ জন আহত হয়েছেন। খবর আনাদলু এজেন্সির।

খবরে বলা হয়, মার্কিন-ইজরাইলি ষড়যন্ত্র ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে গাজা ও পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। গাজার সর্বস্তরের মানুষ প্রতিবাদ হিসেবে ধর্মঘট পালন করছেন। এছাড়া বেথেলহাম, দক্ষিণ জেরুজালেম, জর্ডান উপত্যকা ও হেবরনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ইজরাইলের সেনাবাহিনী।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৪১ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা, কথিত ডিল অব দ্য সেঞ্চুরি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ জানুয়ারি (মঙ্গলবার) ৮০ পৃষ্ঠার এ পরিকল্পনা প্রকাশ করেন তিনি।

প্রকাশিত পরিকল্পনায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবে পশ্চিমতীরে ইজরাইলের দখলকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে বলে উল্লেখ করা হয়েছে। বিনিময়ে চার বছরের জন্য ইজরাইল দখলকৃত এলাকার সম্প্রসারণ বন্ধ রাখবে। এ সময়টিতে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি নিয়ে আলোচনা চলবে।

আগের সংবাদচীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০
পরবর্তি সংবাদ‘আল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে’