‘আল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে’

‘আল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে’

ফাতেহ ডেস্ক :

দেশের বরেণ্য আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. দেশের একজন শীর্ষস্থানীয় উঁচু মাপের আলেম ছিলেন। তিনি ‘শাহ সাহেব’ নামে সর্বত্র পরিচিত ছিলেন। বৃহত্তর ময়মনসিংহ ও কিশোরগঞ্জবাসীর জন্য তিনি ছিলেন রত্নতুল্য৷ তার ইন্তেকালে বাংলার ইলমের আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে।

‘তার ইন্তেকালে ইলমী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত’।

আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে মহান প্রভুর দরবারে তার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, ২৯ জানুয়ারি (বুধবার) বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।

আগের সংবাদ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র প্রতিবাদে বিক্ষোভ, ইজরাইলি হামলায় আহত ৪১ ফিলিস্তিনি
পরবর্তি সংবাদআমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই : আজহারী