কলেজে শিক্ষকে শিক্ষকে মারামারি: নাক ফেটে আহত ১

কলেজে শিক্ষকে শিক্ষকে মারামারি: নাক ফেটে আহত ১

ফাতেহ ডেস্ক :

বাড়ি ভাড়াসহ নানা দাবিতে কুমিল্লার লালমাই সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষকদের একটি পক্ষ। সেই সঙ্গে নানা অভিযোগ তুলে অধ্যক্ষের অব্যাহতি চেয়ে ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন তারা।

এ অবস্থায় আন্দোলনের যৌক্তিকতা নিয়ে অধ্যক্ষের অনুসারী শিক্ষকরা কথা বলতে গেলে মামুনুর রশিদ নামে এক শিক্ষকের ওপর হামলা চালিয়ে নাক ফাটিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

শিক্ষকদের দুই পক্ষের এমন অপ্রীতিকর ঘটনায় শিক্ষার্থীসহ কলেজ ক্যাম্পাস ও স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, লালমাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তারের বিরুদ্ধে বাড়ি ভাড়া না দেয়াসহ নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত কয়েকদিন ধরে অব্যাহতি দাবি করে আসছেন শিক্ষক-কর্মচারীরা। এ নিয়ে কলেজের শিক্ষক-কর্মচারীরা অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দুই পক্ষে বিভক্ত হন।

শনিবার সকাল ৯টা থেকে শিক্ষক পরিষদ ও কর্মচারীবৃন্দ ব্যানারে অধ্যক্ষের অব্যাহতি চেয়ে সাধারণ সম্পাদকের পক্ষের শিক্ষকরা কলেজের শ্রেণিকক্ষ, একাডেমিক ভবন ও অধ্যক্ষের কার্যালয়সহ প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন। বেলা ১১টার দিকে অধ্যক্ষ ও তার পক্ষের শিক্ষক-কর্মচারীরা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কথা বলতে গেলে শিক্ষক মামুনুর রশিদকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেন আন্দোলনকারী শিক্ষকরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগের সংবাদথামছে না সীমান্তহত্যা: বিএসএফ-এর গুলিতে আরও এক বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদউগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু মহাসভার প্রধান নিহত